দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ছবি ছাড়া বায়োমেট্রিক বৈশিষ্ট্য ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির পদক্ষেপ নিতে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র তৈরির সুযোগ থাকছে না।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম সাইফুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী শেখ ওমর শরীফ ও আইনজীবী ইলিয়াছ আলী মন্ডল। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী কামাল হোসেন মিয়াজী।
রায়ের বিষয়টি নিশ্চিত করে কামাল হোসেন মিয়াজী বলেন, ‘রুল খারিজ করে দিয়েছেন আদালত। ফলে ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র হবে না।’
ইসলামী শরিয়ত অনুযায়ী পর্দা করেন জানিয়ে রাজধানীর শাহজাহানপুর শান্তিবাগের বাসিন্দা সুমাইয়া আহমাদ মুনা ২০২২ সালে রিট আবেদনটি করেন। রিটে তার স্বামী মুহম্মদ আরিফুর রহমানকে আইনগত প্রতিনিধির দায়িত্ব দেওয়া হয়।
ওই বছরের ১০ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন বরাবর আবেদন করেন সুমাইয়া আহমাদ মুনা। আবেদনে তিনি উল্লেখ করেন, তিনি প্রাপ্তবয়স্ক ও পর্দানশীন মুসলিম নারী এবং ইসলামী শরিয়তের বিধান নিয়মিত পালন করেন। এ কারণে তিনি কোনো ধরনের ছবি তোলা থেকে বিরত থাকেন। ফলে তার জাতীয় পরিচয়পত্র নেই এবং পরিচয়পত্র না থাকায় বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। ছবি ছাড়া বিকল্প ব্যবস্থায় জাতীয় পরিচয়পত্র দেওয়ার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আবেদন করেন তিনি। তবে আবেদনটি নিষ্পত্তি না হওয়ায় হাইকোর্টে রিট করেন।
রিটের শুনানি নিয়ে ২০২২ সালের ৬ মার্চ হাইকোর্ট রুল জারি করেন। রুলে ছবি ছাড়া বিকল্প পরিচয় বা বায়োমেট্রিক বৈশিষ্ট্য ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র তৈরিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। বুধবার সেই রুল খারিজ করে দেন আদালত।
রুল জারির সময় রাষ্ট্রপক্ষ আদালতকে জানিয়েছিল, এ ধরনের আবেদন সংবিধানপরিপন্থী। রাষ্ট্রপক্ষের যুক্তি ছিল, হজ পালনের ক্ষেত্রেও ছবি তুলতে হয় এবং ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রেও ছবি প্রয়োজন। ছবি না থাকলে পরিচয় যাচাইয়ের জটিলতা তৈরি হতে পারে। এছাড়া বায়োমেট্রিক তথ্য নেওয়ার ক্ষেত্রে চোখের আইরিসের তথ্য প্রয়োজন হওয়ায় পর্দা পালনের বিষয়টিও বিবেচনায় আসে।
এমএম/